ময়মনসিংহে স্থানীয় কণ্ঠস্বর, বৈশ্বিক অধিকার: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব এবং ডব্লিউপিএস এজেন্ডার বিষয়ে সিএসও-র কার্যক্রম শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নগরের দিঘারকান্দা এলাকায় অবস্থিত শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ -এর আয়োজনে এবং ইউএন উইমেন, বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ সংলাপে সিভিল সোসাইটি প্রতিনিধিগণ, নারী নেত্রী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। সংলাপের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব এবং নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ জোরদার করার ব্যাপারে মতামত জানানো।
এতে বক্তারা বলেন, সংঘাত, সহিংসতা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের প্রেক্ষাপটে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকেন। এ পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা প্রক্রিয়ার প্রতিটি স্তরে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।
এ প্রসঙ্গে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং উল্লেখ করেন, “স্থানীয় পর্যায়ের নারীদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে গুরুত্ব না দিলে নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়।
সংলাপে আরও জোর দিয়ে বলা হয়, তৃণমূল পর্যায়ের কণ্ঠস্বরকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে যুক্ত করতে সিভিল সোসাইটি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা নারী অধিকার, নেতৃত্বের বিকাশ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সংলাপ আয়োজনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়ন আরও জোরদার করা হবে।
স্বাগত বক্তব্য সহ সংলাপের উদ্দেশ্য বর্ননা করেন বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমী। বিশেষ বিশেষ অর্জন সমূহ ভিডিও ডকুমেন্টেশনে উপস্থাপন করেন বিএনপিএস এর উপ পরিচালক নাসরিন বেগম। সংলাপে ইউএন উইমেন রিজিওনাল পলিসি অ্যান্ড প্রোগ্রাম স্পেশালিষ্ট মিস গ্যায়েল ডেমোলিস, ইউএন উইমেন বাংলাদেশ কার্যালয়ের পরিকল্পনা পর্যবেক্ষণ ও প্রতিবেদন বিশ্লেষক (ডব্লিউপিএস ফোকাল) তানিয়া শারমিন ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট জিআরজি এবং ডব্লিউপিএস মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া বিএনপিএস নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক
মৃণাল কান্তি চক্রবর্তী, বারহাট্রা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক ও নারী, শান্তি ও নিরাপত্তা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সেজুতি ধর সংলাপে উপস্থিত ছিলেন।