কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবা ২০টি মাদক মামলার আসামি রাজু সহ ৩ মাদক কারবারিকে, উলিপুর উপজেলায় ৪ জুয়ারীকে এবং রৌমারী উপজেলায় বিদেশী মদসহ ১ জনসহ মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ১,১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬,৭৯০ টাকা, ০১টি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও ০৪টি মোবাইল ফোনসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
০৩ নভেম্বর রাত ১১টারদিকে সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল গোলাম মোর্শেদ এর নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামে মাদক কারবারি মোঃ রেজাউল করিম রাজু (৫০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ০৩ জনকে উল্লিখিত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রেজাউল করিম রাজু (৫০), পিতা মৃত নূর উদ্দিন, মাতা মোছা: জাহেনারা বেগম, সাং- কানিপাড়া বদিজমাপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম। মোঃ ফজলে মিয়া (৪৮), পিতা মৃত দেওয়ান আলী, মাতা মোছা: ফাতেমা বেগম, সাং-কাজিপাড়া, নাগেশ্বরী, কুড়িগ্রাম। মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা মো: সিরাজুল হক, মাতা শাহজাদী বেগম, সাং- বালাসিপাড়া, ওয়ার্ড নং-০৭, নাগেশ্বরী পৌরসভা, কুড়িগ্রাম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিডিএমএস পর্যালোচনায় প্রধান আসামি মোঃ রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে মোট ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়েরকৃত মামলা রয়েছে।
অপর আসামি মোঃ ফজলে মিয়া (৪৮)-এর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ০১টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন বাজার হতে ১৪ হাজার ৬৯৫ টাকাসহ ৪ জন জুয়ারীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ভিন্ন দিকে, কুড়িগ্রামের রৌমারীতে থানা পুলিশের অভিযানে রৌমারী উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামির বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল অফিসার চয়েস ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলম মিয়া রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি তিনি আহ্বান
জানিয়েছেন