কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইন আইনজীবী দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার এড. মোঃ আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছাঃ ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মোঃ শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৯৮ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন কুড়িগ্রাম জেলার উপ পরিচালক মোঃ শাহ- নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম সদর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুড়িগ্রামের লোকজন আটক করেছে।