যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা চলাকালে রেশমা আক্তার গোপনে অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা একজন পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে রেশমা আক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।