মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই একশ্রেণীর কুচক্রী কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার ও চানমারী এলাকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক এবং প্রশিক্ষণের গুলির চিহ্ন সাদা রং বা চুন দিয়ে মুছে দিয়েছে কে বা কাহারা। এ ঘটনায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসন।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার মধ্যরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহীদ মিনার ও তার সংলগ্ন চানমারী এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামফলক সাদা রং বা চুন দিয়ে মুছে দিয়েছে কে বা কাহারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

নামফলকে থাকা ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা মুছে ফেলায় স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, ঘটনাটি শোনার পর তিনি শহীদ মিনারে গিয়ে দেখেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণকালে ব্যবহৃত চানমারীর গুলির চিহ্ন এবং পাশে থাকা ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামের ফলকগুলো সাদা রং বা চুন দিয়ে মুছে ফেলা হয়েছে। তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহীদ মিনার ও তার সংলগ্ন চানমারী এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামফলক সাদা রং বা চুন দিয়ে মুছে দেওয়ার বিষয়ে জানতে চাইলে, কুড়িগ্রাম-৪ আসনের এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসানকে উক্ত বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছি। নির্বাহী কর্মকর্তা এ নিয়ে কাজ করছেন। অনুসন্ধান চলছে।

রৌমারী থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাহমুদ হাসান নাঈম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের রৌমারী উপজেলা একটি ঐতিহাসিক মুক্তাঞ্চল ছিল। পাকিস্তান বাহিনী এই অঞ্চলে প্রবেশ করতে না পারায় রৌমারী দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের অন্যতম বৃহৎ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছিল বলে জানা যায়।

রৌমারীর মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস:

ভৌগোলিকভাবে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে অবস্থিত হওয়ায় মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস রৌমারী শত্রুমুক্ত ছিল। এখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ত এবং স্বাধীন প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো।

বৃহৎ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। ১১ নম্বর সেক্টরের অধীনে থাকা এই অঞ্চলের রৌমারী সি জি জামান হাইস্কুল, চাঁনমারী, টাপুরচর, দাঁতভাঙ্গা ও যাদুরচর স্কুলে প্রায় ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে গেরিলা ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে জিয়াউর রহমান (জেড ফোর্স) এবং মেজর শাফায়াত জামিল এই প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করেন।

চাঁনমারীর গুলির চিহ্ন। রৌমারীর ঐতিহাসিক চাঁনমারী এলাকায় মুক্তিযোদ্ধাদের ফায়ারিং বা অস্ত্র প্রশিক্ষণের সময়কার শত শত গুলির চিহ্ন সংরক্ষিত ছিল।

পত্রিকা প্রকাশনা। মুক্তাঞ্চল রৌমারী থেকে ১৯৭১ সালের ১ আগস্ট ‘সাপ্তাহিক অগ্রদূত’ নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশিত হতো। হাতে লিখে সাইক্লোস্টাইল করে ছাপানো এই পত্রিকাটি বিভিন্ন রণাঙ্গনের খবর প্রকাশ করত।

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রৌমারীর যে ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তাঁদের নামফলক চাঁনমারী ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে স্থাপিত।

রৌমারী উপজেলা তথ্য বাতায়ন এবং স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক লোকালয়-এর তথ্য অনুযায়ী তাঁদের তালিকা নিচে দেওয়া হলো:
১. শহীদ আবু আসাদ
২. শহীদ আবুল হোসেন
৩. শহীদ আব্দুল হামিদ
৪. শহীদ আব্দুল লতিফ
৫. শহীদ আব্দুল মজিদ
৬. শহীদ আব্দুল বারী
৭. শহীদ বদীউজ্জামান
৮. শহীদ খন্দকার আব্দুল আজিজ (চাঁন মিয়া)
৯. শহীদ কছিবর রহমান (সরকারি তালিকায় শহীবর রহমান হিসেবেও উল্লেখ রয়েছে)

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন