কুড়িগ্রামের কচাকাটায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন তরিরহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মেহের জামাল (৩৫) সাং-তরিরহাট, থানা: কচাকাটা, জেলা: কুড়িগ্রামকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বসতবাড়ির শয়ন কক্ষ থেকে হাতেনাতে গ্রেফতার করেছেন কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, কচাকাটা থানাধীন তরিরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, স্থানীয় সচেতন মহল বলছেন- “মাদকের ফ্যাক্টরি নেই,তবুও কুড়িগ্রাম সীমান্ত পেরিয়ে দেদারছে আসছে মাদক” মাদকবিরোধী সমাবেশে নেতাদের ক্ষোভ।
শনিবার কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মোড়ে ফিরে সমাবেশে পরিণত হয়।
পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “গাঁজার চাষ হয় না, ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের ফ্যাক্টরি নাই; কিন্তু কুড়িগ্রামে পাওয়া যায়। কারণ সীমান্তের ওপার ভারত থেকে আসে।”
কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীতে কাঁটাতারের বেড়া না থাকায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ফাঁকা রয়েছে। সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের এই অজুহাতে বাংলাদেশে মাদক আসছে বলে জানান।
কুড়িগ্রাম জেলা কারাগারে ২০৩ জনের ধারণক্ষমতা থাকলেও ৬৭৫ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৫০ জনই মাদক মামলার আসামি।
কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর সংশ্রবের কারণে মাদক সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামে ঢুকছে বলেও তিনি দাবি করেন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, “মাদক ব্যবসা করে ধনী হবেন, কিন্তু সমাজকে নষ্ট করছেন। এটি হতে দেওয়া যাবে না।” তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে ত্রুটি আছে বলেও দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন। এ ছাড়া অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় অনেকে।
অন্যদিকে,জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ৭২ ঘন্টায় ৭ লাখ, ১০ হাজার, ১৩০ টাকা মূল্যের ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদীপশু এবং কসমেটিকসহ অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।